ছবি: সংগৃহীত
দেশের বিনোদনজগতের পরিচিত মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, তুলনা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ব্রেন টিউমার থেকে তাঁর ক্যানসার হয়েছিল। আগে অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল। তবে সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হার্ট অ্যাটাক হলে চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সফল হননি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করার পরিকল্পনা রয়েছে।
মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় দীর্ঘদিন কাজ করেছেন তুলনা আল হারুন। এসবের পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফি ও স্টাইলিংয়েও তাঁর পরিচিতি ছিল। বিনোদন অঙ্গনে বিভিন্ন ভূমিকায় কাজের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর উপস্থিতি ছিল প্রাণবন্ত। অসুস্থতার মধ্যেও ইতিবাচক মনোভাব ধরে রাখার বিষয়টি তাঁর পরিচিতজন ও অনুসারীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
তুলনা আল হারুন মডেল ও অভিনেত্রী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!