যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

আট দিনের বিরতি শেষে বেনাপোল বন্দরে বাণিজ্য সচল

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩২ PM ৮
আট দিনের বিরতি শেষে বেনাপোল বন্দরে বাণিজ্য সচল

ছবি: সংগৃহীত

টানা আট দিন বন্ধ থাকার পর শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে। পণ্য ওঠানো-নামানোর কাজে সকাল থেকেই প্রায় তিন হাজার শ্রমিক যোগ দেওয়ায় বন্দরে ফিরেছে কর্মব্যস্ততা।

বন্দর সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে দুই দেশের ব্যবসায়ীরা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছিলেন। তবে এ সময় পণ্য বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, শনিবার সকাল থেকে বাণিজ্য পুনরায় চালু হয়েছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের পাশাপাশি শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত রয়েছেন। দীর্ঘ বিরতির কারণে সীমান্তের দুই পাশে যানবাহন ও পণ্যের জট তৈরি হয়েছিল। কয়েক হাজার পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল। কার্যক্রম শুরু হওয়ায় ধীরে ধীরে সেই জট কমতে শুরু করেছে বলে জানান তিনি।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দর থেকে দৈনিক প্রায় ২০ কোটি টাকা রাজস্ব আদায় হয় বলে সংবাদসূত্রে উল্লেখ করা হয়েছে। আট দিনের বাণিজ্য বন্ধে প্রায় ১৬০ কোটি টাকার রাজস্ব আয় হয়নি বলে জানানো হয়েছে।

বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরেছেন এবং আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। যানজট ও পণ্যজট দ্রুত কমাতে সংশ্লিষ্টদের পণ্য খালাসের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানি ভারত-বাংলাদেশ বাণিজ্য পণ্যজট দুর্গাপূজা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!