যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন, পৌনে চার ঘণ্টায় নিয়ন্ত্রণে

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৫ PM ৫
গাজীপুরে দুই কারখানার গুদামে আগুন, পৌনে চার ঘণ্টায় নিয়ন্ত্রণে

ছবি:সংগৃহীত

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় দুটি কারখানার গুদামে লাগা আগুন প্রায় পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদাম এবং পাশের ডিবিএল গ্রুপের সুতার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান পিএফএম জানান, ডিবিএল মিনি ফায়ার সার্ভিস, সরাবো, ইপিজেড ও চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি বলেন, গুদাম দুটি টিনশেডের হওয়ায় এবং পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। বেলা পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছিলেন।

আগুনে গুদাম দুটিতে থাকা কাগজের কার্টন, সুতা ও কাপড় পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

গাজীপুরের সর্বশেষ খবর গুদামের আগুন নিয়ন্ত্রণ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!