যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় ছাড়া পেল ১৩৩ জন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ PM ৭
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭৫, মুচলেকায় ছাড়া পেল ১৩৩ জন

ছবি:সংগৃহীত

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটকদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৪২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা যৌথভাবে নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালান। বিশেষ করে কিশোরদের আড্ডা এবং উৎপাতের অভিযোগ রয়েছে, এমন স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়।

মাদক কেনাবেচা, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোর ও তরুণেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অন্য ১৩৩ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

কুমিল্লায় কিশোর অপরাধ, মাদক ব্যবসা ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কুমিল্লায় কিশোর গ্যাং কুমিল্লা পুলিশের অভিযান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!