যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ PM ৪
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

ছবি:সংগৃহীত

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো সম্পৃক্ততা চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি হোটেলে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ এবং বাংলাদেশের ‘জোনটা ক্লাবসমূহ’ আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ—উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

চলমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের গঠনমূলক অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম বলেন, আন্তর্জাতিক পর্যায়ে সংলাপ, ঐকমত্য ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ কাজ করছে।

তিনি টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক বাজারে অবাধ প্রবেশাধিকার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি এবং নারীদের সমান সুযোগ পাওয়ার পথে বিদ্যমান বাধা দূর করার ওপর গুরুত্ব দেন তিনি।

জাতিসংঘের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা বাস্তবায়নে সম্প্রতি শুরু হওয়া ‘ঢাকা সংলাপ’-এর মতো উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে তাঁর বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, আন্তর্জাতিক সহযোগিতা, মানবাধিকার সুরক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকর ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়।

রোহিঙ্গা প্রত্যাবাসন জাতিসংঘের ভূমিকা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!