যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

কাউকে বাদ দিয়ে রাজনীতি নয়, স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ দরকার: আনিসুল ইসলাম

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ PM ৬
কাউকে বাদ দিয়ে রাজনীতি নয়, স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ দরকার: আনিসুল ইসলাম

ছবি:সংগৃহীত

দেশের অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে রাজনীতি করার সুযোগ নেই। কে রাজনীতি করবে, তা নির্ধারণ করার অধিকার কোনো দলের নয়, জনগণের।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, অতীতে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল। এর পরিণতি কী হয়েছে, তা জাতি দেখেছে। তাই কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে রাজনীতি করার চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার জনগণের। কোনো দল ঠিক করে দিতে পারে না, কে রাজনীতি করবে আর কে করবে না।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জাতীয় পার্টির এই নেতা বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য সরকারকে সব পক্ষের অংশগ্রহণের সুযোগ রেখে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন।

এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক সেবা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ ও সুনীল শুভ রায়।

এ ছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্তর্ভুক্তিমূলক রাজনীতি জাতীয় পার্টি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!