যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

চাঁদাবাজি দমনে আসছে নতুন আইন, পুলিশকে মামলা করার ক্ষমতা দেওয়ার উদ্যোগ: আইজিপি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ PM ৫
চাঁদাবাজি দমনে আসছে নতুন আইন, পুলিশকে মামলা করার ক্ষমতা দেওয়ার উদ্যোগ: আইজিপি

ছবি:সংগৃহীত

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ যাতে সরাসরি মামলা করতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারে, সে লক্ষ্যে আইন সংস্কারের কাজ চলছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইন্সে কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা জানান।

আইজিপি বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই প্রভাবশালী মহলের সঙ্গে সংশ্লিষ্ট। এ কারণে তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা অনেক সময় ভয়ে অভিযোগ করতে কিংবা সাক্ষ্য দিতে চান না। এই পরিস্থিতি মোকাবিলায় নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, খুলনায় আসার আগে চাঁদাবাজি প্রতিরোধে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি দেখা যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে আইনি কাঠামোর মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

আইজিপি বলেন, গত ১৭ বছরে পুলিশের বিভিন্ন কার্যক্রমের কারণে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব কমিয়ে মানুষের আস্থা পুনরুদ্ধার করা পুলিশের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, পুলিশকে মানবিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধ ও পাল্টা অপরাধের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। তবে আইনের সীমার মধ্যে থেকে কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। বর্তমানে পুলিশ আবারও বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনা করছে। তবে বেকারত্বসহ দেশের দীর্ঘদিনের সামাজিক সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি জনগণকে প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনার পরও কেউ কেউ একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর নীতিমালা তৈরির কাজ চলছে।

মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আইজিপি।

চাঁদাবাজি দমন চাঁদাবাজির বিরুদ্ধে নতুন আইন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!