যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

অপূর্ব-নিহার নতুন নাটক ‘ভালো আছো তো?’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ PM ৫
অপূর্ব-নিহার নতুন নাটক ‘ভালো আছো তো?’

ছবি: সংগৃহীত

প্রেম, ভুল-বোঝাবুঝি আর বিচ্ছেদের পরও থেকে যাওয়া অনুভূতির গল্প নিয়ে দর্শকদের সামনে এসেছে নতুন নাটক ‘ভালো আছো তো?’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। শুক্রবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি।

নাটকের গল্পে ভালোবাসার শুরু থেকে সম্পর্কের জটিলতা এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। সময়ের সঙ্গে জমে ওঠা অভিমান, ভুল-বোঝাবুঝি ও পুরোনো ক্ষত কীভাবে দুজন মানুষকে দূরে সরিয়ে দেয়, সেই বিষয়গুলো গল্পের কেন্দ্রে রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন মানুষের প্রতি থেকে যাওয়া মায়া এবং মনের মধ্যে জমে থাকা না-বলা কথাগুলোও নাটকটিতে গুরুত্ব পেয়েছে।

নাটকটির পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ করে অপূর্ব সম্পর্কের ভাঙন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, সম্পর্ক শেষ হলেও তা সুন্দরভাবে করা উচিত। কিন্তু অনেক সময় এমনভাবে সম্পর্কের অবসান ঘটে যে, পরে দেখা হলেও একে অপরের খোঁজ নেওয়ার মতো স্বাভাবিক কথাটুকু বলা যায় না।

এর আগে ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অপূর্ব ও নিহা। নতুন নাটকে আবারও তাঁদের জুটি দেখা গেল, তবে এবার গল্পের আবহে রয়েছে বিচ্ছেদের পরের আবেগ ও অতীত সম্পর্কের স্মৃতি। দর্শকদের কাছে নাটকটির গল্প কতটা আবেদন তৈরি করে, তা এখন দেখার বিষয়।

অপূর্ব নাজনীন নিহা ভালো আছো তো

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!