আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যেতে পারে মেহজাবীন চৌধুরীকে। ছবি: সংগৃহীত
আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষার মধ্যেই নতুন খবর সামনে এসেছে। ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটিতে প্রধান চরিত্রে রয়েছেন আফরান নিশো ও তমা মির্জা। তবে মেহজাবীনের অংশগ্রহণের বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চলতি মাসের শুরুতে প্রযোজক শাহরিয়ার শাকিল আফরান নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি প্রকাশের পর তাঁদের সম্ভাব্য জুটি নিয়ে আলোচনা শুরু হয়। তখন গুঞ্জন ছড়ায়, ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে পারেন এই দুই অভিনয়শিল্পী। সেই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও এরই মধ্যে ‘খলনায়ক’-এ মেহজাবীনের অভিনয়ের তথ্য সামনে এসেছে।
সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, কলকাতায় গোপনে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন মেহজাবীন। মুক্তির আগে তাঁর উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চাইছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হচ্ছে না বলে জানা গেছে। ‘খলনায়ক’ হতে যাচ্ছে মেহজাবীনের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শুরু থেকেই ‘খলনায়ক’-এর গল্প ও চরিত্র নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা ভিকি জাহেদ। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে। আফরান নিশো ও তমা মির্জার পাশাপাশি এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার এবং কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকার।
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে আসতে পারে।
মেহজাবীন চৌধুরী খলনায়ক আফরান নিশো তমা মির্জা ভিকি জাহেদ পুলসিরাত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!