মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তুতি ও ব্যয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী নভেম্বরের শুরুতে চালু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। প্রাথমিকভাবে মেডিকেল পরীক্ষা শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই কর্মীদের দেশটিতে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠাতে সম্ভাব্য ব্যয় ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে উইটনেস ফাউন্ডেশনের আয়োজনে অভিবাসনবিষয়ক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নুরুল হক নুর। তাঁর ভাষ্য, নভেম্বরের প্রথম দিন থেকে অথবা প্রথম সপ্তাহের মধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় যাওয়ার আগে কর্মীদের মেডিকেল পরীক্ষা করাতে হবে। এ পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় নভেম্বরের গোড়ায়। মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা প্রকাশ করা হবে। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটের পাশাপাশি মালয়েশিয়ার কর্তৃপক্ষও তাদের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করবে।
নুরুল হক নুর বলেন, মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে তালিকা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। মেডিকেল পরীক্ষার খরচ নির্ধারণের বিষয়েও আলোচনা চলছে। কর্মী পাঠানোর সামগ্রিক ব্যয়ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলে জানান তিনি।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় যেতে সম্ভাব্য খরচ ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা হতে পারে বলে প্রাথমিক হিসাবের কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বেসরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর ব্যয়ও পর্যালোচনা করে নির্ধারণ করা হবে। তবে বেসরকারি ব্যবস্থাপনার চূড়ান্ত খরচের পরিমাণ তিনি জানাননি।
মালয়েশিয়ায় কর্মী পাঠানো নুরুল হক নুর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!