যুক্তরাষ্ট্র   বুধবার ২৮ অক্টোবর ২০২৬,১২ কার্তিক ১৪৩৩

মুখ ঢেকে তর্ক করায় নেইমারের ৬ ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ PM ১০
মুখ ঢেকে তর্ক করায় নেইমারের ৬ ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি

ব্রাজিলের ক্লাব সান্তোসের তারকা নেইমার। ছবি: সংগৃহীত

মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে কথা বলার ঘটনায় শাস্তির মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ ঘটনায় ব্রাজিলের ক্রীড়া আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ‘ভিনিসিয়ুস জুনিয়র বিধি’ লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ছয় ম্যাচ নিষিদ্ধ হতে পারেন সান্তোসের এই ফরোয়ার্ড।

গত শনিবার ব্রাজিলিয়ান লিগে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। খেলা চলাকালে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় মুখ হাত দিয়ে আড়াল করে কথা বলেছিলেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র করেই শাস্তির বিষয়টি সামনে এসেছে।

ঘটনার পর নেইমারের আচরণের সমালোচনা করেছে বাহিয়া। ক্লাবটির পক্ষ থেকে তাঁর কথাবার্তাকে মৌখিক দুর্ব্যবহার হিসেবে বর্ণনা করা হয়েছে। ম্যাচ শেষে সাংবাদিকদের নেস্তর বলেন, নেইমারের মন্তব্য তাঁর ব্যক্তিগত মর্যাদা এবং বাহিয়ার জার্সির প্রতি অত্যন্ত অসম্মানজনক ছিল।

৩৪ বছর বয়সী নেইমার মুখ ঢেকে কথা বলার বিষয়টি নিজের ভুল বলে মেনে নিয়েছেন। তবে নেস্তরকে উদ্দেশ করে কোনো মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উল্টো প্রতিপক্ষের এই মিডফিল্ডারের বিরুদ্ধে ফুটবলে ‘অন্যতম নোংরা কৌশল’ ব্যবহারের অভিযোগ তুলেছেন ব্রাজিলের এই তারকা।

নেইমারের বিষয়ে বুধবার শুনানি হওয়ার কথা রয়েছে। সেখানে অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হলে চলতি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে।

মৌসুমের শেষ পর্যায়ে এসে সান্তোসের জন্য বিষয়টি উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। গত মৌসুমে অবনমন এড়ানো দলটি এবার লিগে আর মাত্র ছয় ম্যাচ বাকি থাকতে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে। অবনমন অঞ্চলের দলগুলোর চেয়ে তারা ১২ পয়েন্ট এগিয়ে। তবে নেইমার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলে মৌসুমের শেষ ম্যাচগুলোতে দলের পরিকল্পনা ও পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে।

নেইমার নেইমারের নিষেধাজ্ঞা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!