যুক্তরাষ্ট্র   বুধবার ২৮ অক্টোবর ২০২৬,১২ কার্তিক ১৪৩৩

স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ PM | সর্বশেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ PM ১০
স্থানীয় নির্বাচনে জোটের বাইরে এনসিপি

রাজবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে নয়, বরং নিজস্ব পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন আয়োজনের পদ্ধতি নিয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। তবে নির্বাচনে এনসিপি নিজস্বভাবে অংশ নেবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। সভাটির উদ্দেশ্য ছিল দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচন ঘিরে পরিকল্পনা নির্ধারণ।

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয় প্রভাবের মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মনে করেন তিনি। এ কারণে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দেওয়ার কথাও জানান নাহিদ।

রাজনৈতিক সংঘাত ও দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পাশাপাশি নতুন করে চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও একই ধারায় যুক্ত হচ্ছেন। তাঁর দাবি, সরকারদলীয় অভ্যন্তরীণ বিরোধে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন। এসব পরিস্থিতি অব্যাহত থাকলে স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

দেশে মাদক ব্যবসার বিস্তার নিয়েও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগের বিরুদ্ধে এমন প্রশ্রয় দেওয়ার অভিযোগ থাকলেও বর্তমানে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকেও মাদক কারবারিরা সুবিধা পাচ্ছেন বলে দাবি করেন তিনি। সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা বন্ধ করা না গেলে মাদক সিন্ডিকেট নির্মূল করা কঠিন হবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলামের বক্তব্য, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাঁর দাবি, গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করা হয়নি।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়েও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় ঘটেছে এবং ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। বর্তমানে দলটির কার্যকর তৎপরতা নেই বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের ওপর চাপ সৃষ্টির জন্য প্রতিবেশী একটি দেশ আওয়ামী লীগকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন নাহিদ। তাঁর ভাষ্য, দলটির পরাজয় হলেও এর সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে।

এনসিপির রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার নেতাকর্মীরা অংশ নেন। সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

আয়োজকদের ভাষ্য, জেলা ও স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!