ছবি:সংগৃহীত
দেশের ইবতেদায়ি মাদ্রাসাসহ সব মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মৌলভীবাজার-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তাকে গুরুত্ব দিয়ে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সহায়তা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় মাদ্রাসা শিক্ষা উৎকর্ষ সহায়তা কর্মসূচি (এমইইএসপি) প্রণয়ন করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় ২০২৬-২০৩১ অর্থবছরের মধ্যে দেশের সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে। ইবতেদায়ি মাদ্রাসাগুলোও কর্মসূচির আওতায় থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এর আগে সংসদ সদস্যের প্রশ্নে জানতে চাওয়া হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড-ডে মিল সুবিধা পেলেও মাদ্রাসার শিক্ষার্থীরা কেন এ কর্মসূচির বাইরে রয়েছে।
বিশেষ করে সুবিধাবঞ্চিত ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য এ ধরনের খাদ্য সহায়তার প্রয়োজনীয়তার বিষয়টিও প্রশ্নে তুলে ধরা হয়।
জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা সম্প্রসারণের লক্ষ্যেই নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তার আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সব মাদ্রাসায় মিড-ডে মিল ২০২৬-২০৩১ অর্থবছর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!