যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ, ৩ ওয়ার্ডের বাসিন্দাদের স্মারকলিপি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:২১ PM | সর্বশেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM ৭১
তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ, ৩ ওয়ার্ডের বাসিন্দাদের স্মারকলিপি

ছবি:সংগৃহীত

রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫২, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট ও নিম্নচাপের অভিযোগ উঠেছে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৩০ আগস্ট) ‘বৃহত্তর পাটেরবাগ সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির মহাব্যবস্থাপক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ (দনিয়া-রায়রায়বাগ)-এর উপমহাব্যবস্থাপকের মাধ্যমে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।

সংগঠনের আহ্বায়ক মো. আবু হানিফ সরকার ও সদস্য সচিব মাওলানা সেলিম হোসাইন আজাদীর নেতৃত্বে স্থানীয়দের গণস্বাক্ষরসংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী অভিযোগ করেন, কদমতলী, পাটেরবাগ ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহে অনিয়ম চলছে। অনেক সময় নির্ধারিত সময়ে গ্যাস পাওয়া যায় না। সরবরাহ এলেও চাপ এত কম থাকে যে স্বাভাবিকভাবে রান্নার কাজ করা কঠিন হয়ে পড়ে।

কিছু এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা।

এতে শিশু, বয়স্ক ও কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দৈনন্দিন কাজে সমস্যায় পড়ছেন। রান্নার প্রয়োজন মেটাতে অনেক পরিবারকে বিকল্প জ্বালানি কিনতে হচ্ছে। ফলে তাদের মাসিক ব্যয়ও বেড়ে যাচ্ছে।

দীর্ঘদিনের সংকট থেকে মুক্তি পেতে স্মারকলিপিতে সাত দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • দ্রুত সরেজমিনে পরিদর্শন করে গ্যাস সংকটের প্রকৃত কারণ চিহ্নিত করা।
  • সংশ্লিষ্ট এলাকার গ্যাসের চাপ পরীক্ষা এবং পাইপলাইন, ভালভ, রেগুলেটরসহ কারিগরি সরঞ্জাম পরিদর্শন করা।
  • পুরোনো, ক্ষতিগ্রস্ত ও ত্রুটিপূর্ণ পাইপলাইন দ্রুত সংস্কার বা প্রয়োজন অনুযায়ী প্রতিস্থাপন করা।
  • অস্বাভাবিক গভীরে থাকা গ্যাসলাইন প্রয়োজন অনুযায়ী উপযুক্ত অবস্থানে আনা।
  • গ্যাসলাইনে পানি জমে থাকলে তা অপসারণ এবং ভবিষ্যতে পানি প্রবেশের পথ বন্ধ করা।
  • গ্যাসের চাপ ও সরবরাহ ঘাটতির মূল কারণ নির্ণয় করে দীর্ঘমেয়াদি সমাধানের ব্যবস্থা করা।
  • পর্যাপ্ত চাপের সঙ্গে নিয়মিত ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

এলাকাবাসী আরও দাবি জানিয়েছেন, সংকট নিরসনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে তা স্থানীয়দের জানাতে হবে। ভবিষ্যতে একই ধরনের সমস্যা যাতে আবার না হয়, সে জন্য গ্যাস সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি ও অবকাঠামোগত উন্নয়ন করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্যাস সংকটের বিষয়টি বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধান পাওয়া যায়নি। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ চান তারা।

রাজধানীতে গ্যাসের তীব্র সংকট গ্যাসের নিম্নচাপ গ্যাস সংকট নিরসনের দাবি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!