যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ PM ৪
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ধাপে ধাপে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝড়টি ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন বৃষ্টিও হতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় থাকা লঘুচাপটি ইতিমধ্যে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। পরবর্তী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং তার পরের ২৪ থেকে ৩৬ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

বর্তমানে লঘুচাপের কেন্দ্রের ১০০ কিলোমিটারের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার ক্ষেত্রে এই গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। এতে মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছে।

সমুদ্রবন্দরগুলোতে এখনো আনুষ্ঠানিক সতর্কসংকেত দেওয়া হয়নি বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে পরিস্থিতির পরিবর্তনে সতর্কতা জারির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূল থেকে ১৫০ কিলোমিটারের বেশি গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে নৌযান চালাতে বলা হয়েছে।

সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে শক্তি বাড়াতে পারে। পরে পশ্চিমমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বর্তমান গতিপথের হিসাব অনুযায়ী, বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। ঝড়টি ২৮ অক্টোবরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

তবে সরাসরি আঘাত না করলেও ঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ বা ২৮ অক্টোবর থেকে দেশে বিস্তৃত বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ১ নভেম্বর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম হওয়ার আভাস দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!