যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

বাংলা-ইংরেজি মাধ্যমের শিক্ষায় অভিন্ন মানদণ্ড, কারিকুলামে আসছে সামঞ্জস্য: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ PM | সর্বশেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ PM ৬৭
বাংলা-ইংরেজি মাধ্যমের শিক্ষায় অভিন্ন মানদণ্ড, কারিকুলামে আসছে সামঞ্জস্য: ববি হাজ্জাজ

ছবি:সংগৃহীত

বাংলা ও ইংরেজি মাধ্যমসহ দেশের বিভিন্ন শিক্ষাধারার শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও দক্ষতায় একটি অভিন্ন মানদণ্ড থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার রেডিসন হোটেলে অক্সফোর্ড একিউএ ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশনস আয়োজিত স্কুল লিডারস কনফারেন্স ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, একজন শিক্ষার্থী বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম কিংবা অন্য কোনো শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করলেও তার মৌলিক জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতার ক্ষেত্রে একটি ন্যূনতম অভিন্ন মান নিশ্চিত করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের মানের পার্থক্য থাকতে পারে, তবে কারিকুলাম ও শিক্ষার মৌলিক মানে বড় ধরনের বৈষম্য থাকা উচিত নয়।

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সমন্বয় আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের শেখার সুযোগ ও দক্ষতা উন্নয়নে সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হবে। কারিকুলামের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহারেও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষায় আধুনিক পদ্ধতি ব্যবহারের ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে অ্যাক্টিভিটি-বেজড লার্নিং এবং খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের সুযোগ আরও বাড়ানো হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম থেকে প্রয়োজনীয় শিক্ষা নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সফোর্ড একিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন।

এ ছাড়া ব্রিটিশ হাইকমিশন, ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

শিক্ষায় অভিন্ন মানদণ্ড ববি হাজ্জাজ শিক্ষা সংস্কার বাংলাদেশ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!