যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

হংকংয়ে চীনা সাজে মেহজাবীন, আদনানের সঙ্গে যেন সিনেমার দৃশ্য

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ PM ৮১
হংকংয়ে চীনা সাজে মেহজাবীন, আদনানের সঙ্গে যেন সিনেমার দৃশ্য

হংকংয়ের রাস্তায় স্বামী আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

হংকংয়ের ব্যস্ত রাজপথ, ঝলমলে নিয়ন আলো আর চীনা সংস্কৃতির আবহে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। স্বামী ও নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তোলা একগুচ্ছ ছবিতে তাকে দেখা গেছে ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’-এ। তাদের এই সাজ ও ফ্রেমিংয়ে ফুটে উঠেছে পুরোনো দিনের সিনেমার আবহ।

মেহজাবীন ও আদনান দুজনেই ঘোরাঘুরির মুহূর্তের এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিগুলোতে কখনো পাশাপাশি হাঁটতে, আবার কখনো একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে তাদের। হংকংয়ের রাতের শহর, ঐতিহ্যবাহী লাল মিনিবাস, রেট্রো টেলিফোন বুথ ও চায়নিজ ডাইনিংয়ের পরিবেশ পুরো আয়োজনকে দিয়েছে আলাদা মাত্রা।

এই সফরে মেহজাবীনের পোশাকেও ছিল বিশেষত্ব। নকশা করা ফিটেড ‘চিওংসাম’ পরে তাকে দেখা যায়। অন্যদিকে আদনান আল রাজীবের পরনে ছিল সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই ও ট্রাউজার। কাঁধে কোট ঝুলিয়ে তার সাজেও ছিল পুরোনো দিনের রেট্রো ধাঁচ।

তবে শুধু পোশাক বা লোকেশন নয়, ছবিগুলোর মূল অনুপ্রেরণাও ছিল সিনেমা। মেহজাবীন তার ফেসবুক পোস্টে কিংবদন্তি নির্মাতা ওং কার-ওয়াইয়ের আলোচিত সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-এর প্রসঙ্গ টেনেছেন। পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, ‘ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড’। পাশাপাশি ছবির আবহের সঙ্গে মিলিয়ে ওই সিনেমার ‘ইয়ুমেজি’স থিম’ সংগীতও ব্যবহার করেছেন।

জানা গেছে, হংকংয়ের একজন ফটোগ্রাফার এই দম্পতির ছবিগুলো ধারণ করেছেন। প্রকাশের পর মেহজাবীনের পোশাক ও পুরো আয়োজনের প্রশংসা করেছেন অনেক নেটিজেন। তবে ছবিগুলোর পেছনে ‘ইন দ্য মুড ফর লাভ’-এর সিনেমাটিক আবহের বিষয়টি সবাই ধরতে পারেননি।

মেহজাবীন ও আদনানের এই ফটোসেশনে তাই শুধু ভ্রমণের মুহূর্ত নয়, হংকংয়ের নিজস্ব শহুরে পরিবেশের সঙ্গে একটি বিখ্যাত চলচ্চিত্রের নান্দনিকতার মেলবন্ধনও ফুটে উঠেছে।

মেহজাবীন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!