নতুন ধারাবাহিক ‘প্রথম প্রেমের গল্প’-এ মেহনাজ কবীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত
একক নাটকে দীর্ঘদিন ব্যস্ত থাকার পর আবারও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তানভীর তন্ময়ের পরিচালনায় ‘প্রথম প্রেমের গল্প’ শিরোনামের নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। আগামী ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটির নতুন পর্ব প্রকাশ করা হবে।
ধারাবাহিকে ফেরার বিষয়ে হিমি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে নিলয় আলমগীরের সঙ্গে ‘জলে ভেজা রঙ’ ও ‘স্মৃতির আলপনা আঁকি’ নাটকে অভিনয় করেছিলেন তিনি। পরে একক নাটকের কাজ বেড়ে যাওয়ায় ধারাবাহিকে সময় দেওয়া সম্ভব হয়নি। এবার প্রায় চার বছর বিরতির পর আবারও এই মাধ্যমে কাজ করছেন অভিনেত্রী।
হিমির ভাষ্য, একক নাটক জনপ্রিয়তা পেলে অনেক সময় দর্শক এর পরবর্তী পর্ব দেখার আগ্রহ প্রকাশ করেন। সেই চাহিদার বিষয়টিও ধারাবাহিক নির্মাণের পরিকল্পনায় ভূমিকা রেখেছে। পাশাপাশি বর্তমানে দর্শকের মধ্যে সিরিজ বা ধারাবাহিক নাটকের প্রতি আগ্রহ বাড়তে দেখেও নতুন কাজটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
‘প্রথম প্রেমের গল্প’-এ হিমির সঙ্গে অভিনয় করছেন নিলয় আলমগীর। এ ছাড়া রয়েছেন ফারিন খান, সুজাতা, আলী রাজ ও ফারজানা চুমকিসহ আরও অনেকে।
একক নাটকের ব্যস্ততার কারণে ধারাবাহিকে সময় দেওয়া নিয়ে শিডিউল জটিলতা তৈরি হয় বলে জানিয়েছেন হিমি। নতুন ধারাবাহিকটিতে কাজ করতে গিয়ে কয়েকটি একক নাটকের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে তাঁকে। তবে এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। বরং শুটিংয়ের আয়োজন ও পুরো দলের আন্তরিকতায় সন্তুষ্ট অভিনেত্রী। তাঁর মতে, একক নাটকের মতোই গুরুত্ব দিয়ে ধারাবাহিকটির কাজ করা হচ্ছে।
করপোরেট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে ‘প্রথম প্রেমের গল্প’-এর কাহিনি। এতে মেহনাজ কবীর নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির চরিত্রে অভিনয় করছেন হিমি। চরিত্রটি স্পষ্টভাষী এক করপোরেট নারীর। অভিনেত্রীর প্রত্যাশা, প্রতিশোধের কাহিনির পাশাপাশি ভালোবাসার গল্পও দর্শকদের আকৃষ্ট করবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!