যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

নিলয়-হিমির ধারাবাহিক ঘিরে নকলের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ PM ৪৮
নিলয়-হিমির ধারাবাহিক ঘিরে নকলের অভিযোগ

প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে হিমি ও নিলয়। ছবি: সংগৃহীত

নিলয় ও হিমি অভিনীত ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ১২ অক্টোবর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম দুই পর্ব দেখার পর দর্শকদের একাংশ অভিযোগ করেছেন, পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প, দৃশ্য ও চরিত্রের পোশাক অনুসরণ করা হয়েছে। তবে এ অভিযোগকে বড় করে দেখছেন না নাটকটির নির্মাতা তানভীর তন্ময়।

আজকের পত্রিকাকে নির্মাতা জানান, ধারাবাহিকের শুরুতেই বিদেশি নাটক থেকে অনুপ্রেরণা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি, গল্পের ভিত্তি অনুপ্রাণিত হলেও বড় পরিসরে নির্মাণের চেষ্টা করেছেন তারা। আরও কয়েকটি পর্ব প্রচার হলে নাটকে নিজস্ব গল্পের উপাদানও দর্শকের সামনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তানভীর তন্ময়ের ভাষ্য, নাটকটির বাজেট ও নির্মাণ আয়োজন নিয়ে দর্শকদের কাছ থেকে ইতিবাচক মন্তব্যও পাওয়া যাচ্ছে। তার মতে, এ ধরনের বড় বাজেটের নাটক নির্মাণ অন্য নির্মাতাদেরও উৎসাহিত করতে পারে। শুরুতে অনুপ্রাণিত গল্প নিয়ে কাজ করার পেছনে নিজেদের বড় পরিসরে নির্মাণের অভিজ্ঞতা ও সাহসের ঘাটতিও ছিল বলে জানান তিনি।

ধারাবাহিকটির টাইটেল কার্ডে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নাম থাকলেও চিত্রনাট্যকারের পরিচয় প্রকাশ করা হয়নি। এ বিষয়ে নির্মাতা বলেন, নাটকের মৌলিক গল্পের অংশ প্রচার শুরু হলে লেখকের নাম জানানো হবে। বর্তমানে অনুপ্রাণিত গল্পের পর্বগুলো প্রচারিত হচ্ছে বলেই আপাতত নামটি রাখা হয়নি।

এ বছরের শুরুতে পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত ‘এটা আমাদেরই গল্প’ জনপ্রিয় হয়েছিল। সেই সাফল্য ‘প্রথম প্রেমের গল্প’ নির্মাণে প্রভাব ফেলেছে কি না, এমন প্রশ্নে তন্ময় বলেন, ধারাবাহিকটির পরিকল্পনা প্রায় দুই বছর আগেই করা হয়েছিল। সে সময় নিলয় একক নাটক নিয়ে ব্যস্ত থাকায় কাজটি এগোয়নি। সাম্প্রতিক সময়ে সিরিজের জনপ্রিয়তা বাড়ায় নিলয়ও ধারাবাহিকে আগ্রহী হয়েছেন বলে জানান তিনি।

‘প্রথম প্রেমের গল্প’-এ নিলয় ও হিমির পাশাপাশি অভিনয় করছেন ফারিন খান, আলী রাজ, সুজাতা, ফারজানা চুমকি ও জাহিদ হোসেন শোভনসহ অনেকে। প্রতি সোমবার ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে নতুন পর্ব।

প্রথম প্রেমের গল্প নিলয় হিমি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!