যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

জেমসের স্মৃতিতে আইয়ুব বাচ্চু, ‘সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ’

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ PM ৪৪
জেমসের স্মৃতিতে আইয়ুব বাচ্চু, ‘সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ’

আইয়ুব বাচ্চু ও জেমসের মধ্যে গান নিয়ে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ছিল আন্তরিক। ছবি: সংগৃহীত

আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রচলিত নানা ধারণার বিষয়ে মুখ খুলেছেন নগর বাউল জেমস। তাঁর ভাষ্য, দুজনের মধ্যে গান ও মঞ্চ পরিবেশনা নিয়ে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ। প্রয়াত এই সংগীতশিল্পীকে এখনো গভীরভাবে স্মরণ করেন তিনি।

২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান বাংলাদেশের রক সংগীতের জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু। আজ তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে জেমসের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা রয়েছে। সম্প্রতি এ বিষয়ে কথা বলতে গিয়ে জেমস জানান, তাঁদের মধ্যে ভালো গান তৈরি ও মঞ্চে ভালো পারফরম্যান্সের প্রতিযোগিতা চলত। তবে সেই প্রতিদ্বন্দ্বিতা ব্যক্তিগত সম্পর্কে কোনো দূরত্ব তৈরি করেনি।

জেমস বলেন, তাঁদের দুজনের মধ্যে ভালো করার প্রতিযোগিতা ছিল, কিন্তু সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। একে অপরের রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে যেতেন তাঁরা। সেখানে সংগীতশিল্পীদের আড্ডা, গল্প এবং পরস্পরের পরামর্শ বিনিময়ের পরিবেশ ছিল। সেই সময়গুলোর কথা এখনো মনে পড়ে বলে জানান তিনি।

আইয়ুব বাচ্চুকে স্মরণ করে জেমস বলেন, তাঁর সঙ্গে কথা শুরু হলে দীর্ঘ সময় ধরে আড্ডা চলত। বাচ্চু ভাই ছিলেন মজার মানুষ ও তুমুল আড্ডাবাজ। এমন সম্পর্ক আর কারও সঙ্গে গড়ে ওঠেনি বলেও জানান জেমস। তাঁর চলে যাওয়ায় এখনো কষ্ট হয়, আর তাঁকে সব সময় মিস করেন।

আইয়ুব বাচ্চুর সঙ্গে শেষ দেখা হয়েছিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তবে ফোনে তাঁদের শেষ কথোপকথনের বিষয়টি ব্যক্তিগত রাখতে চান জেমস। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দুই দিনব্যাপী কর্মসূচি আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাব। ১৮ অক্টোবর তাঁর কবর জিয়ারত, মিলাদ ও দোয়ার পাশাপাশি বিকেলে উপলব্ধি ফাউন্ডেশনের শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন রয়েছে। আগামী ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে স্মরণসভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আইয়ুব বাচ্চু জেমস আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!