বলিউড অভিনেতা শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লিতে জন্ম নেওয়া এই তারকা জীবনের ছয় দশক পেরিয়ে নতুন বছরে পা রাখলেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দেশ-বিদেশের দর্শকদের হৃদয়ে।
প্রতি বছর শাহরুখের জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মান্নাতের সামনে জড়ো হন ভক্তরা। প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে ভিড় করেন হাজারো অনুরাগী। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে শুভেচ্ছা ও উদ্যাপন। তবে এবার জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের সঙ্গে তাঁর পরিচিত সাক্ষাৎপর্ব হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
প্রকাশিত খবর অনুযায়ী, আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ের কাজে লন্ডনে থাকবেন শাহরুখ। এ কারণে এবারের জন্মদিনে মুম্বাইয়ে ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হচ্ছে না। এর আগে টানা দুই বছর মান্নাতের বাইরে না এসে মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ্গমন্দিরে বিশেষ আয়োজনে অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি।
তবে জন্মদিন ঘিরে ভক্তদের জন্য নতুন সিনেমা ‘কিং’ থেকে বিশেষ কিছু প্রকাশের সম্ভাবনা রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১২টায় সিনেমাটির প্রচারণামূলক কোনো উপকরণ প্রকাশ করা হতে পারে। সেটি টিজার, গান কিংবা পোস্টার—কোনটি হবে, তা নিশ্চিত করা হয়নি।
জন্মদিনে সরাসরি দেখা না হলেও সিনেমাটির মুক্তির আগে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাতের আয়োজন করার পরিকল্পনা রয়েছে শাহরুখের দলের। তবে এ উদ্যোগ এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ আরও কয়েকজন তারকা। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে।
টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখ। পরে বড় পর্দায় নিজের অভিনয়, পরিশ্রম ও ব্যক্তিত্বের মাধ্যমে হয়ে ওঠেন হিন্দি চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ। ‘দিওয়ানা’, ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন তিনি।
শাহরুখ খান শাহরুখের জন্মদিন ৬১ বছরে শাহরুখ বলিউড কিং সিনেমা মান্নাত
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!