যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে দেশে মৃত্যুর সংখ্যা ৯৭, আগস্টেই প্রাণ গেছে ৪৩ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৫ PM ৭৮
ডেঙ্গুতে দেশে মৃত্যুর সংখ্যা ৯৭, আগস্টেই প্রাণ গেছে ৪৩ জনের

ছবি:সংগৃহীত

 দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন। চলতি আগস্টে ডেঙ্গুতে মারা গেছেন ৪৩ জন।

দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। এর মধ্যে আগস্টেই মারা গেছেন ৪৩ জন। অর্থাৎ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটেছে আগস্ট মাসে।

মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গুতে মারা যান। আগস্টে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকার হাসপাতালেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন আরও ১৫৯ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। সেখানে ২৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। বরিশালে ১৩২ জন, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৮৭, ময়মনসিংহে ৬৯ এবং রংপুরে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেটে নতুন করে একজন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৫ হাজার ৮৪৬ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩ হাজার ২০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন। নতুন রোগী ভর্তির পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যাও বাড়ছে। তবে মৃত্যুর হার এবং সাম্প্রতিক সময়ে রোগী ভর্তির ঊর্ধ্বগতি ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন ও জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে আরও সামনে এনেছে।

আগস্টে ডেঙ্গু মৃত্যু ডেঙ্গু রোগীর সংখ্যা ডেঙ্গুতে ৯৭ মৃত্যু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!