ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ ও অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা করেছেন ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। এ সময় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিও আলোচনায় আসে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফোনালাপে চো হিউন মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চো হিউন আরাঘচিকে জানিয়েছেন, তার দেশ সব ধরনের জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলকে সমর্থন করে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগেও দক্ষিণ কোরিয়া অংশ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে আরাঘচি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন। দুই মন্ত্রী ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের অনুরোধে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়েও এর আগে দক্ষিণ কোরিয়ায় আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের সম্ভাবনা যাচাই করতে দেশটি একটি পরিদর্শন দল পাঠিয়েছিল। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সামরিক পদক্ষেপসহ বিভিন্ন বিকল্প বিবেচনা করছে সিউল। তবে এখন পর্যন্ত সেখানে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্ক করে বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার সামরিক উপস্থিতি বা কোনো ধরনের কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ প্রতি সমর্থন হিসেবে বিবেচনা করবে তেহরান। এ ধরনের অবস্থানের জন্য দক্ষিণ কোরিয়াকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
এর আগে আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর সিদ্ধান্ত নেন। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়া অংশ না নেওয়ায় সিউলের সমালোচনাও করেন তিনি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!