যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কে না নেমে নিউ জার্সিতে নামতে পারে নেতানিয়াহুর বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ PM ৭১
নিউইয়র্কে না নেমে নিউ জার্সিতে নামতে পারে নেতানিয়াহুর বিমান

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু; ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্কে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাঁকে বহনকারী রাষ্ট্রীয় বিমান ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ নাও করতে পারে। এর পরিবর্তে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর অথবা কাছাকাছি কোনো সামরিক ঘাঁটিতে বিমানটি নামানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর বিমানকে নিউইয়র্কে অবস্থানকালে পার্ক করে রাখার অনুমতি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর সম্ভাব্য সফর নিয়ে যে অবস্থান নিয়েছেন, সেটিও ইসরায়েলি কর্তৃপক্ষের উদ্বেগের একটি কারণ হিসেবে উঠে এসেছে।

মামদানি এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার পক্ষে অবস্থান জানিয়েছিলেন। জুলাইয়ে তিনি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তার করার বিষয়ে তাঁর প্রশাসন আইনি সম্ভাবনা যাচাই করছে। পরে অবশ্য তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটির নিজস্বভাবে এমন গ্রেপ্তার কার্যকর করার আইনগত ক্ষমতা নেই।

এ অবস্থায় ‘উইং অব জায়ন’ বিমানটি জেএফকে বিমানবন্দরে রাখার অনুমতি পাওয়া যাবে কি না, তা নিয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিকল্প হিসেবে নিউ জার্সির কোনো বিমানবন্দর বা সামরিক ঘাঁটি ব্যবহারের পরিকল্পনা সামনে এসেছে।

নেতানিয়াহুর এবারের যুক্তরাষ্ট্র সফরও আগের পরিকল্পনার তুলনায় অনেক ছোট করা হয়েছে। সাম্প্রতিক সূচি অনুযায়ী, তিনি বৃহস্পতিবার নিউইয়র্কে পৌঁছে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন এবং সেদিনই যুক্তরাষ্ট্র ছাড়ার পরিকল্পনা রয়েছে। ফলে সফরে তাঁর রাতযাপনের সম্ভাবনাও থাকছে না।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে সম্ভাব্য বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতিও সফর সংক্ষিপ্ত করার পেছনে বিবেচনায় রয়েছে। নেতানিয়াহুর জাতিসংঘের ভাষণ ঘিরে নিউইয়র্কে বিভিন্ন পক্ষের বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতির খবরও এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। সফরসূচির পরিবর্তন ও বিমান অবতরণ নিয়ে সমন্বয়গত জটিলতার কারণে ওই বৈঠকটি আর হচ্ছে না বলে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেতানিয়াহু বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তাঁর নিউইয়র্ক সফরের আগে মেয়র মামদানির সঙ্গে তাঁর রাজনৈতিক মতবিরোধও নতুন করে আলোচনায় এসেছে। মামদানি নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা কার্যকরের পক্ষে অবস্থান নিলেও নিউইয়র্ক সিটি নিজে তা বাস্তবায়ন করতে পারে না—এ বিষয়টি বিভিন্ন প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!