যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ PM ৩৬
কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ১৭

ডিআর কঙ্গোর কোয়াঙ্গো প্রদেশের কেনজেতে বিধ্বস্ত সামরিক বিমান;ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার দিকে যাওয়ার সময় কোয়াঙ্গো প্রদেশের কেনজেতে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সর্বশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৭ বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে কঙ্গোর সামরিক বাহিনীর পক্ষ থেকে ১৪ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। সামরিক মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানিয়েছিলেন, বিমানে থাকা কেউই বেঁচে নেই। বেশ কয়েকটি মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

বিমানটি কিকউইট থেকে কিনশাসার উদ্দেশে রওনা হয়েছিল। উড্ডয়নের পর এতে কারিগরি ত্রুটি দেখা দিলে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। এ সময় কোয়াঙ্গো প্রদেশের কেনজেতে নামার চেষ্টা করা হলেও সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। কোয়াঙ্গোর উপ-গভর্নর রেমি সাকি বোকিন্দা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক ব্যক্তি ও সরকারি প্রতিনিধিদলের সদস্যরাও ছিলেন। দুই জেনারেলও ওই বিমানে সফর করছিলেন।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে কঙ্গোর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কথা বলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার পূর্ণ কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

খনিজসম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো দীর্ঘদিন ধরে সংঘাতের মধ্যে রয়েছে। বিশেষ করে রুয়ান্ডার সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে মূল্যবান খনিজসমৃদ্ধ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে লড়াই চলছে। গত বছর থেকে কঙ্গোর সেনাবাহিনী কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!