যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

টানা বৃষ্টিতে ডুবছে ব্যাংকক, দুর্যোগকবলিত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM ৫৩
টানা বৃষ্টিতে ডুবছে ব্যাংকক, দুর্যোগকবলিত ঘোষণা

ভারী বৃষ্টির পর ব্যাংককের পানিতে তলিয়ে যাওয়া সড়ক; ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় নগরীকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে পরিস্থিতি পর্যালোচনার পর এ ঘোষণা দেন ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিত্তিপান্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংককে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বৃষ্টি হয়েছে। নগরীর কয়েকটি এলাকায় এক দিনে বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ মিলিমিটারের বেশি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে বজ্রঝড়ের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

গভর্নর চ্যাডচার্ট সিত্তিপান্ট জানিয়েছেন, বৃষ্টিজনিত এই পরিস্থিতি মানুষের জীবন ও সম্পদের জন্য ঝুঁকি তৈরি করছে। সরকারি ও বেসরকারি স্থাপনাসহ বিভিন্ন সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।

বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় খাল ও জলাধারের আশপাশের বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনীয় ও মূল্যবান সামগ্রী নিরাপদ রাখতে সেগুলো উঁচু স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যাংককের বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন আংশিক বা পুরোপুরি ডুবে থাকতে দেখা গেছে। পানিবন্দি বাসিন্দাদের সহায়তায় কাজ করছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।

বন্যায় ক্ষতিগ্রস্ত এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া মানুষের জন্য একটি আশ্রয়কেন্দ্রও চালু করেছে ব্যাংকক সিটি প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

আবহাওয়ার অবস্থা আরও খারাপ হলে রাজধানীর নিচু এলাকাগুলোতে পানি জমে বন্যা পরিস্থিতি তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!