যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ, সিনেট ও বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ভোট দিচ্ছেন নাগরিকেরা।
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টায় ভার্মন্ট অঙ্গরাজ্যে প্রথম ভোটকেন্দ্র খোলার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী কার্যক্রম। এবারের নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে নেমেছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি ও বিরোধী ডেমোক্র্যাটরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভার্মন্টে স্থানীয় সময় ভোর ৫টায় ভোটকেন্দ্র খোলা হয়, যা বাংলাদেশ সময় বিকেল ৪টা। এরপর পূর্ব উপকূলের অন্যান্য অঙ্গরাজ্যেও পর্যায়ক্রমে ভোটগ্রহণ শুরু হয়। নিউইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট, কেনটাকি ও মেইনে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোট নেওয়ার কথা রয়েছে।
তবে সব ভোটারকে মঙ্গলবারই কেন্দ্রে গিয়ে ভোট দিতে হচ্ছে না। ডাকযোগে ব্যালট পাঠানো এবং আগাম ভোট দেওয়ার ব্যবস্থায় অনেক নিবন্ধিত ভোটার ইতোমধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এবারের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনের ফলও নির্ধারিত হবে এই ভোটের মাধ্যমে। ফলে জাতীয় আইনসভা থেকে শুরু করে অঙ্গরাজ্য পর্যায়ের নেতৃত্ব নির্বাচন—সব মিলিয়ে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।
বর্তমানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে মধ্যবর্তী নির্বাচনে আসন ধরে রাখা দলটির জন্য বড় রাজনৈতিক পরীক্ষা।
মধ্যবর্তী নির্বাচন সাধারণত প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের ফল কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ডেমোক্র্যাটরা কোনো একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং বিভিন্ন নীতিগত উদ্যোগ বাস্তবায়নে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।
অন্যদিকে রিপাবলিকানরা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলে প্রশাসনের আইনগত ও নীতিগত কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে গণনা শুরু হবে। তবে সব রাজ্যের ভোট গণনা ও ফল প্রকাশের সময় এক হবে না। ফলে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হতে পারে।
মার্কিন মধ্যবর্তী নির্বাচন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!