যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে একের পর এক বন্দুক হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ PM | সর্বশেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ PM ৬
যুক্তরাষ্ট্রে হ্যালোইন ঘিরে একের পর এক বন্দুক হামলা, নিহত ২৪

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব ঘিরে একাধিক বন্দুক হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ৩১ অক্টোবর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত সংঘটিত এসব ঘটনায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন স্থানে নাইট ক্লাব, ব্যক্তিগত পার্টি, দোকান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩১ অক্টোবর) রাতে শুরু হওয়া সহিংসতা রোববার (১ নভেম্বর) সকাল পর্যন্ত অব্যাহত ছিল। অপরাধ বিশ্লেষকদের মতে, উৎসবের সময় জনসমাগম, মদ ও মাদকের ব্যবহার এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এ ধরনের সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে।

নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্সের বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে সহিংস দিনগুলোর তালিকায় ৩১ অক্টোবরের অবস্থান তৃতীয়। তাঁর বিশ্লেষণে ৪ জুলাই ও ১ জানুয়ারি আরও বেশি সহিংসতার দিন হিসেবে উঠে এসেছে।

বিভিন্ন অঙ্গরাজ্যে সংঘটিত হামলাগুলোর মধ্যে ফ্লোরিডার জ্যাকসনভিলের দুটি ঘটনা উল্লেখযোগ্য। সেখানে পৃথক দুই হামলায় ১৩ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। প্রথম ঘটনায় হ্যালোইন পার্টিতে যাওয়ার অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হন। পরবর্তী ঘটনায় একটি বাড়িতে আয়োজিত পার্টিতে গুলিতে প্রাণ হারান ২০ বছর বয়সী এক তরুণ। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

মিসিসিপির জ্যাকসনের একটি নাইট ক্লাবে গুলিবর্ষণে দুজন নিহত ও চারজন আহত হন। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে হামলায় চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ছয়জন।

এদিকে ডেট্রয়েটে হ্যালোইন উদ্‌যাপনের পর বাড়িতে পাঁচ বছর বয়সী একটি শিশু গুলিবিদ্ধ হয়। পুলিশ জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।

ওকলাহোমা সিটির একটি ট্রেলার পার্কে হ্যালোইন পার্টিকে কেন্দ্র করে বিরোধের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ হন। একই এলাকায় গাড়ির ধাক্কায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ।

হ্যালোইন উৎসবের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া আয়োজনের আশপাশেও সহিংসতার ঘটনা ঘটে।

আলাবামার বার্মিংহামে লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গুলিতে একজন নিহত ও আটজন আহত হন। ওই দিন সেখানে আলাবামা এঅ্যান্ডএম ইউনিভার্সিটি ও আলাবামা স্টেট ইউনিভার্সিটির মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির কাছে গুলিবর্ষণে আটজন আহত হন। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী ঘটনাস্থলে মারা যান। আহতদের একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

ইন্ডিয়ানার ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছেও গুলির ঘটনা ঘটে। এতে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহনকারী একজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তি গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় ১ নভেম্বর ভোরে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হন।

হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো জানান, হ্যালোইন উৎসব উপলক্ষে আগেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। তারপরও একই রাতে একাধিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অপরাধ ও বন্দুক সহিংসতা বিশেষজ্ঞদের মতে, হ্যালোইনের মতো উৎসবে বিভিন্ন স্থানে একসঙ্গে মানুষের সমাগম হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়ে।

মিয়ামি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী অ্যালেক্সিস পিকেরো বলেন, প্রতিটি পানশালা, পার্কিং এলাকা কিংবা জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা বাস্তবসম্মত নয়।

এদিকে নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্স শিশু-কিশোরদের জন্য হ্যালোইনের সময় বিশেষ সতর্কতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!