ছবি: সংগৃহীত
ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে একটি চক্র।
এ ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। শনিবার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্রটি কখনো ফোনকল, কখনো মোবাইল যোগাযোগ, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইছে।
প্রতারকরা ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর এবং মসজিদের বেতন-ভাতা সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে সতর্ক করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাদের প্রধান কার্যালয় বা জেলা-উপজেলা পর্যায়ের কোনো অফিস অননুমোদিত ব্যক্তি বা ফোন নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সরকারি সুবিধা, সম্মানী, ভাতা বা অনুদান দেওয়ার কথা বলে কেউ যদি ব্যাংক হিসাবের তথ্য, ওটিপি, পিন নম্বর বা মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য চায়, তাহলে সেটি প্রতারণার অংশ হতে পারে।
সতর্কবার্তায় ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক যোগাযোগের ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত তথ্য না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কেউ ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতারণার কোনো ঘটনা ঘটলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বলেছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এসব প্রতারণা প্রতিরোধ করা সম্ভব।
ইসলামিক ফাউন্ডেশন সতর্কবার্তা অনলাইন প্রতারণা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!