রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনভোগান্তি কমাতে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২১ জুলাই) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। অভিযানের আওতায় অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার, বিকন লাইট, ভিআইপি লাইটসহ শব্দদূষণ সৃষ্টিকারী বিভিন্ন সরঞ্জামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল ও চেকপোস্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহন থেকে নিষিদ্ধ সরঞ্জাম অপসারণের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ট্রাফিক লালবাগ বিভাগে হাইড্রোলিক হর্নের অবৈধ ব্যবহার ও শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ট্রাফিক যাত্রাবাড়ী জোনের অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনালের প্রবেশমুখ থেকে ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। এ ছাড়া ধোলাইপাড় এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন পরিবহনের বাস থেকে আরও ১৮টি হাইড্রোলিক হর্ন উদ্ধার করা হয়। জব্দ করা হর্নগুলোর মধ্যে বাউফল, দশমিনা, শরীয়তপুর সুপার, লাবিবা, গোল্ডেন লাইন, তাসবিহ, আপন ও শ্যামলী পরিবহনের বাস রয়েছে।
ডিএমপি জানায়, ট্রাফিক বাড্ডা জোনে বিভিন্ন যানবাহন থেকে অবৈধ সাইলেন্সার ও হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ওয়ারী, মতিঝিল ও মিরপুর বিভাগেও বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ হুটার, বিকন লাইট ও ভিআইপি লাইটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে ট্রাফিক মিরপুর ও পল্লবী জোনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া হুটার ব্যবহারকারী যানবাহন এবং শব্দদূষণকারী মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবুজবাগ ট্রাফিক জোনের টিটিপাড়া এলাকাতেও অবৈধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
ডিএমপি আরও জানায়, ট্রাফিক যাত্রাবাড়ী জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বিআরটিএর মোটরযান টাস্কফোর্সের (BMTF) সমন্বয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভার ইনকামিং পয়েন্টে RFID ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে যানবাহন ব্যবস্থাপনা আরও আধুনিক ও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে শব্দদূষণ সৃষ্টিকারী অবৈধ সরঞ্জামের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণ ডিএমপি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!