যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

খুন-অপহরণ-ধর্ষণ কমেছে, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ PM ৬৬
খুন-অপহরণ-ধর্ষণ কমেছে, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার দাবি, ২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর ও জেলা পর্যায় থেকে সংগৃহীত এবং কেন্দ্রীয়ভাবে হালনাগাদ করা তথ্য বিশ্লেষণ করে দেশের অপরাধ পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। বিভিন্ন সূচক বিবেচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির শতভাগ উন্নতি করতে আরও সময় প্রয়োজন বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তার ভাষ্য, সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট। একই সঙ্গে জেলা পর্যায় থেকে পাওয়া অপরাধসংক্রান্ত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরের রেকর্ড যাচাই করার ওপর গুরুত্ব দেন তিনি।

পুলিশ বাহিনীকে আরও কার্যকর ও সক্রিয় করার কাজ চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তথ্যের ক্ষেত্রে কোনো ভুল বা বিভ্রান্তি থাকলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট রেকর্ড যাচাইয়ের আহ্বান জানান তিনি।

সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত অভিযানের বিষয়টি তুলে ধরেন। তিনি সম্প্রতি ছিনতাইকারীর হামলায় এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় পুলিশের পদক্ষেপের উদাহরণ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই ঘটনার ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে ডিবির অভিযানে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপের ফলে দেশে ছিনতাইয়ের প্রবণতা কমছে এবং ভবিষ্যতে তা আরও কমবে বলে আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ।

পুলিশের অভ্যন্তরীণ নজরদারি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অসহযোগিতা করছেন বা সরকারের কার্যক্রমে গোপনে বাধা সৃষ্টি করছেন—এমন কর্মকর্তাদের শনাক্ত করতে বিশেষ তদারকি চলছে।

তার বক্তব্য, প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব ‘ইন্টারনাল ইন্টেলিজেন্স’ ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে অসহযোগিতাকারী কর্মকর্তাদের চিহ্নিত করার কাজ চলছে। সাধারণ মানুষের কাছেও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!