যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

একনেকে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্পের প্রস্তাব

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ PM ৬০
একনেকে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্পের প্রস্তাব

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা; ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে শুরু হওয়া সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পগুলোর অর্থায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। প্রকল্প ঋণ হিসেবে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা। সংশ্লিষ্ট সংস্থাগুলোর অর্থায়ন থাকবে আরও ৭২ কোটি ৪৭ লাখ টাকা।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) সাউদার্ন রুটে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ এবং প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

রেল খাতের দুটি প্রকল্পও সভার আলোচ্যসূচিতে রয়েছে। বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীতে ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মূল অনুমোদিত ব্যয় ছিল ৫ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা।

স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পে বরাদ্দের প্রস্তাবও রয়েছে। এর মধ্যে ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৯ কোটি ৬ লাখ টাকা। স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যয় হবে ৩৯৬ কোটি ৮১ লাখ টাকা।

সড়ক খাতের দুটি প্রকল্পে যথাক্রমে ৯৪৩ কোটি ৮৭ লাখ এবং ১ হাজার ৪৫৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ এবং খুলনা নৌ অঞ্চলে অবকাঠামো নির্মাণে ৩৭৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।

আর্থিক খাতের ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’-এ ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে যথাক্রমে ৭৫১ কোটি ৭৭ লাখ ও ৬০৫ কোটি ২৪ লাখ টাকা।

এ ছাড়া খুলনা পয়ঃনিষ্কাশন, মনপুরায় বিদ্যুৎ বিতরণ এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা-সংক্রান্ত তিনটি সংশোধিত প্রকল্প একনেকের তালিকায় রয়েছে। তৈরি পোশাক ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা উন্নয়নের জন্য নতুন একটি প্রকল্পে ৮৯ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৫টি প্রকল্পের বিষয়েও একনেক সভায় অবহিত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের অধীনে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় একনেক সভা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকা ব্যয়ে নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল।

তারেক রহমান একনেক সভা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!