যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫১৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ PM ৬৪
রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫১৫

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১২০ জনকে আটক করা হয়। তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিলে ৭৬ জন, ওয়ারীতে ৬৪ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, গুলশানে ৩৭ জন, লালবাগে ৩৪ জন, রমনায় ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে অস্ত্র ও মাদকসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি। এছাড়া তিনটি চাপাতি, পাঁচটি চাকু এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে ৫৩টি লোহার পেরেক বা তারকাটা, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭ পিস ইয়াবা এবং ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন রয়েছে। পাশাপাশি তিন বোতল বিদেশি মদ ও ২০ ক্যান বিয়ারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশের অভিযানে একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকাও জব্দ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!