যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ PM ৮৪
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রায় সাত মাস আগে ছড়ানো গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাকে দুদক অভিযোগ হিসেবে গ্রহণ করেছে। তাঁর ভাষ্য, এর মধ্য দিয়ে কমিশনের পেশাদারত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের সামাজিকভাবে হেয় করা ও রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে দুদককে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, অতীতে বিরোধী রাজনৈতিক নেতাদের হয়রানির ক্ষেত্রেও দুদককে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ ছিল।

বিবৃতিতে নাহিদ ইসলাম জুলাই-পরবর্তী সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ঐকমত্যে পৌঁছেছিল।

নাহিদ ইসলামের অভিযোগ, ওই প্রক্রিয়া অনুসরণ না করে দুদকের চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে সংস্কারের প্রতিশ্রুতি উপেক্ষা করা হয়েছে। তিনি দাবি করেন, এর ফলে কমিশনের কাঠামো ও কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

তাঁর মতে, দুদককে দলীয় প্রভাবমুক্ত না করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি বা দমনের কাজে ব্যবহার করা হলে প্রতিষ্ঠানটির ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে, দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে তারা মনগড়া হিসেবে দেখছে না। দুদক সচিব সাইদুর রহমান খান ১৫ সেপ্টেম্বর সাংবাদিকদের জানান, অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে।

দুদকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আইন ও বিধি অনুযায়ী আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে এবং অনুসন্ধান ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নাহিদ ইসলাম অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধের পাশাপাশি জুলাই সনদের ঘোষিত প্রক্রিয়া অনুসরণ করে একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত, নিরপেক্ষ ও কার্যকর দুদক পুনর্গঠনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, একটি স্বাধীন কমিশন হলে যেকোনো অভিযোগের তদন্তে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত। তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে কমিশনকে ব্যবহার করা হলে দলটি তা মেনে নেবে না।

নাহিদ ইসলাম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!