ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা।
সোমবার সন্ধ্যায় ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের কাছে একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।
মোহাম্মদপুর থানা পুলিশের সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ৫ আগস্টের পর নিজ এলাকা ছেড়ে ঢাকায় এসে আত্মগোপন করেন। রাজধানীতে অবস্থান করেও মুঠোফোনে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং এলাকায় সাংগঠনিক কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে তৎপর ছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন তাঁরা।
তিন নেতাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদী ও আটঘরিয়ার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।
আওয়ামী লীগ মোহাম্মদপুর
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!