যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬,১১ কার্তিক ১৪৩৩

আইজিপির পদত্যাগ নয়, অপসারণ চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ PM ৯
আইজিপির পদত্যাগ নয়, অপসারণ চায় এনসিপি

পুলিশ প্রধানের বিচারবহির্ভূত হত্যা-সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আইজিপিকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যা চালুর বিষয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে অপসারণের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির অভিযোগ, সরকারের অনুমতি নিয়ে এমন পদক্ষেপের কথা বলাও আইনের শাসন, সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী।

সোমবার (২৬ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সরকারের অনুমোদন থাকলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই বৈধ হয়ে যায় না। এ ধরনের বক্তব্য পুলিশের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব ও আইনি সীমা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে বলে মনে করে দলটি।

বিবৃতিতে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখার ১৪ নম্বর দফার প্রসঙ্গও তুলে ধরেছে এনসিপি। দলটির বক্তব্য, ওই দফায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করা হয়েছিল। সে অবস্থানের সঙ্গে বর্তমান আইজিপির বক্তব্যের অসংগতি রয়েছে বলে দাবি করেছে তারা।

এনসিপি আরও বলেছে, দীর্ঘ সময় ধরে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নিপীড়নের যে অভিযোগ উঠে এসেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অন্যতম প্রেক্ষাপট ছিল সেই পরিস্থিতির অবসান। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের আওতায় পরিচালনা করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দলটির মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ক্রসফায়ারের মতো পদ্ধতির কথা তোলা পুলিশের সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে এবং মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। তাই এ ধরনের বক্তব্যকে তারা উদ্বেগজনক হিসেবে দেখছে।

বিবৃতিতে আইজিপিকে অবিলম্বে অপসারণের পাশাপাশি পুলিশ প্রশাসনে সংস্কারের দাবি জানানো হয়েছে। এনসিপির বক্তব্য, বেআইনি নির্দেশ পালন করা পুলিশের জন্য বাধ্যতামূলক নয়; এ বিষয়ে পেনাল কোড ও পুলিশ আইনের বিধান রয়েছে বলে দলটি উল্লেখ করেছে। একই সঙ্গে পুলিশ বাহিনীকে জনবান্ধব, জবাবদিহিমূলক ও আইনসম্মত প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে জুলাই সনদে বর্ণিত পথে দ্রুত ‘পুলিশ কমিশন’ গঠনের আহ্বান জানিয়েছে তারা।

এনসিপি আইজিপি আলী হোসেন ফকির

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!