যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬,১১ কার্তিক ১৪৩৩

রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ PM ১২
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১

রাজবাড়ী শহরের পান্না চত্বরে গুলির ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজবাড়ী শহরের ব্যস্ত এলাকায় প্রকাশ্যে গুলির ঘটনায় আহত হয়েছেন বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন (৩৫)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের পান্না চত্বরে এ ঘটনা ঘটে। আহত লিটন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লিটন রাজবাড়ীর বানিবহ এলাকার আবুল হাশেমের ছেলে।

লিটনের ভাষ্য অনুযায়ী, একটি মামলার কাজ শেষে আদালত থেকে অটোরিকশায় করে শহরের বড় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বর পার হওয়ার পর একটি অটোরিকশাকে পেছনে ফেলে এগিয়ে যান সালেহ আহম্মেদ সুজন ও ইনসান নামে দুই ব্যক্তি। এরপর তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তাঁর ডান হাতে গুলি লাগে। তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তির পেট ঘেঁষে একটি গুলি চলে যায় বলেও দাবি করেন তিনি। পরে ঘটনাস্থলে কয়েকটি ফাঁকা গুলিও ছোড়া হয় বলে জানান লিটন।

আহত ব্যবসায়ী নেতার অভিযোগ, সালেহ আহমেদ সুজনের বিরুদ্ধে এর আগেও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

শহরের মধ্যে দিনের বেলায় গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তবে তাঁদের কেউই এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাননি।

 

রাজবাড়ী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!