যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, থাকছে নানা কর্মসূচি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৬:১৪ PM ৮২
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, থাকছে নানা কর্মসূচি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয়ভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বুধবার (১৯ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১৩ আগস্ট ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় জাতীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সভাপতিত্ব করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ট্রাফিক আইল্যান্ড, লাইটপোস্ট ও বিভিন্ন স্থানে জাতীয় ও রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লেখা ব্যানার দিয়ে সাজসজ্জা করা হবে।

এ উপলক্ষে বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনীর উদ্যোগেও নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ওয়াজ মাহফিল, সেমিনার ও টকশোর আয়োজন করবে। পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আরবি ভাষায় খুতবা লেখা প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণিকা বা ক্রোড়পত্র প্রকাশ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোতেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

দেশের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফ প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

এসব আয়োজনে ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার বিষয়গুলো তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিশুদের জন্যও বিশেষ কর্মসূচি থাকবে। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে হামদ-নাত, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করা হবে।

এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র ও প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সার্বিক শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!