২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলছে। ছবি: সংগৃহীত
সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই বাংলাদেশের হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর আর সময় বাড়ানো হবে না।
২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই সময়ের মধ্যেই হজযাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত সময় পার হওয়ার পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না।
চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধনের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
এ কারণে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ নিবন্ধন ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
হজ নিবন্ধন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!