যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

শেষ ওভারের নাটকীয়তায় সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৫:১৩ PM ৮৭
শেষ ওভারের নাটকীয়তায় সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে সেমিফাইনালেই থেমে গেল বাংলাদেশ এইচপি ইউনিটের পথচলা। ছবি: ফাইল

লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ এইচপি ইউনিট। ছয় ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া দলটি ফাইনালের অন্যতম দাবিদারও ছিল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০১ রানে গুটিয়ে যাওয়ার পর বোলাররা ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনলেও শেষ পর্যন্ত ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই খুব একটা স্বস্তিতে ছিল না ভিক্টোরিয়া। তবে একপর্যায়ে ৪ উইকেটে ৭৫ রান তুলে তারা জয়ের কাছাকাছি পৌঁছে যায়। সেখান থেকে বাংলাদেশের বোলাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। মাত্র ২৪ রানের মধ্যে ভিক্টোরিয়ার আরও চার ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ।

শেষ ওভারে ভিক্টোরিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এক রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ছিল দুটি উইকেট। প্রথম বলেই টড মার্ফি রানআউট হলে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। পরের দুই বলে কোনো রান না হওয়ায় ম্যাচ সুপার ওভারে গড়ানোর সম্ভাবনাও তৈরি হয়।

তবে সেই সম্ভাবনা আর বাস্তবে রূপ নেয়নি। চতুর্থ বলে লিয়াম ব্ল্যাকফোর্ড পয়েন্টের ওপর দিয়ে চার মেরে ভিক্টোরিয়াকে জয় এনে দেন। ফলে দুই বল বাকি থাকতেই এক উইকেটের নাটকীয় জয় পায় তারা এবং ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অবশ্য শুরুটা আশাব্যঞ্জকভাবেই করেছিল। হাবিবুর রহমান সোহান দ্রুত বিদায় নিলেও জিসান আলম ও আরিফুল ইসলাম আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। পাওয়ার প্লের ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৬ রান।

সপ্তম ওভারের প্রথম বলেই ২০ বলে ৩০ রান করে জিসান আউট হলে বাংলাদেশের ইনিংসে ছন্দপতন ঘটে। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। এর আগে আরিফুল ইসলাম ১০ বলে ১৯ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সাব্বির রহমান ৮ বলে করেন ৫ রান। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইন ১০ এবং আবু হায়দার রনি ১২ রান করায় কোনোভাবে তিন অঙ্কের ঘরে পৌঁছায় বাংলাদেশের স্কোর। ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে উইল সাদারল্যান্ড একাই নেন চারটি উইকেট।

অল্প রান নিয়েও বাংলাদেশের বোলাররা ম্যাচটি শেষ পর্যন্ত জমিয়ে তুলেছিলেন। বিশেষ করে মোহাম্মদ রুবেল দুর্দান্ত বোলিং করেন। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি নেন তিন উইকেট। এই পারফরম্যান্সের ফলে পুরো টুর্নামেন্টে তার উইকেটসংখ্যা দাঁড়ায় ২৩টি।

শামীম হোসেনও বল হাতে কার্যকর ভূমিকা রাখেন। ১৮ রান খরচ করে তিনি দুটি উইকেট তুলে নেন। আবু হায়দার রনি একটি উইকেট পান ১৬ রান দিয়ে। তবে শেষ পর্যন্ত বোলারদের লড়াই ব্যাটিং ব্যর্থতার ঘাটতি পূরণ করতে পারেনি। শেষ মুহূর্তের নাটকীয়তায় হেরে সেমিফাইনাল থেকেই বাংলাদেশ এইচপির টুর্নামেন্টযাত্রা শেষ হয়।

বাংলাদেশ এইচপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!