যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

মেসির স্পেনে দ্বিতীয় ক্লাব মালিক হওয়ার পথে

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ PM ৭২
মেসির স্পেনে দ্বিতীয় ক্লাব মালিক হওয়ার পথে

ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন লিওনেল মেসি। তবে মালিকানা হস্তান্তরের আগে আর্থিক ও আইনি যাচাইসহ প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া শেষ করতে হবে।

বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারের পর ২০২১ সালে স্পেন ছাড়লেও দেশটির ফুটবলের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলা এই আর্জেন্টাইন তারকা এবার স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিক হওয়ার পথে এগিয়েছেন। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটি কেনার বিষয়ে মেসি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন।

তবে এখনই এলদেনসের মালিকানা মেসির হাতে যাচ্ছে না। চুক্তি চূড়ান্ত করার আগে ক্লাবটির আর্থিক ও আইনি অবস্থার যাচাই হবে। এরপর স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন হবে। সব প্রক্রিয়া সফলভাবে শেষ হলেই মালিকানা হস্তান্তর সম্পন্ন হবে।

এটি হলে স্পেনে মেসির মালিকানাধীন ক্লাবের সংখ্যা দাঁড়াবে দুটি। চলতি বছর তিনি পঞ্চম বিভাগের আধা-পেশাদার ক্লাব কর্নেয়ার মালিকানা নিয়েছেন। সেই তুলনায় এলদেনসে হবে তার মালিকানাধীন প্রথম পেশাদার ক্লাব।

বর্তমানে এলদেনসের মালিকানা রয়েছে কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচের হাতে। স্পেনের এই ক্লাবটির পাশাপাশি কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবল ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের নিচের স্তরের বিভিন্ন লিগে খেলেছে।

২০২৩ সালে ১৯৬৪ সালের পর প্রথমবারের মতো স্পেনের দ্বিতীয় বিভাগে জায়গা করে নেয় এলদেনসে। সেখানে দুই মৌসুম কাটানোর পর অবনমিত হয়ে যায় দলটি। তবে চলতি গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে ফিরে এসেছে ক্লাবটি।

দ্বিতীয় বিভাগে ফেরার পর অবশ্য মাঠের ফলাফল ভালো যাচ্ছে না এলদেনসের। চলতি মৌসুমে চার ম্যাচ খেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দলটি। এর মধ্যে কোচ ক্লদিও বারাগানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী অবস্থায় চলছে ক্লাবটির কার্যক্রম।

ফুটবল ক্লাবের মালিকানায় মেসির সম্পৃক্ততা অবশ্য এটাই প্রথম নয়। ইন্টার মায়ামিতে তার সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের মালিকানাতেও তিনি আংশিকভাবে যুক্ত রয়েছেন।

মেসির কর্নেয়া ও এলদেনসে—দুই ক্লাবের বর্তমান অবস্থানের মধ্যে তিন বিভাগের ব্যবধান থাকায় আপাতত মালিকানা নিয়ে বড় কোনো জটিলতার সম্ভাবনা নেই। কর্নেয়া খেলছে পঞ্চম বিভাগে, আর এলদেনসে দ্বিতীয় বিভাগে।

তবে ভবিষ্যতে কর্নেয়া ও এলদেনসে একই বিভাগে উঠে এলে বিষয়টি ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে মেসি যদি দুই ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিক হিসেবে থাকেন, একই মালিকানাধীন দুটি দলকে একই বিভাগে খেলার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে নিয়মগত প্রশ্ন দেখা দিতে পারে।

এলদেনসের হোম ভেন্যু নুয়েভো পেপিকো আমাতে একসঙ্গে ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণ করতে পারে। মালিকানা চুক্তি চূড়ান্ত হলে ছোট এই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে মেসির নতুন ব্যবসায়িক অধ্যায়ের সূচনা হবে।

লিওনেল মেসি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!