যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

উত্তর কোরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা, বাস্তবতা মেনে লড়তে চান বাটলার

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ PM ৮০
উত্তর কোরিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা, বাস্তবতা মেনে লড়তে চান বাটলার

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের সামনে পড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে মারিয়া মান্দা-ঋতুপর্ণা চাকমারা। জাপানের আইচি নাগোয়া শহরে ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এর আগেই শুরু হচ্ছে ফুটবল প্রতিযোগিতা। ওসাকার নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ ও উত্তর কোরিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ পিটার বাটলার জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিপক্ষে বড় কোনো প্রত্যাশা নিয়ে মাঠে নামছে না তার দল। বরং নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়াই লক্ষ্য। তার মতে, প্রতিপক্ষের শক্তি বিবেচনায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে বাইরের মহলে আশাবাদ নেই।

বাটলার বলেন, এই ম্যাচকে ঘিরে বিশেষ কোনো কৌশল নির্ধারণ করা হয়নি। নিজেদের প্রতি সৎ থেকে খেলাটাই গুরুত্বপূর্ণ। তার ভাষায়, উত্তর কোরিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা কেউ দেখছে না এবং বাস্তবতাও অনেকটা তেমনই।

মাত্র ছয় মাসের ব্যবধানে আবারও উত্তর কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চলতি বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। সেই আসরের গ্রুপপর্বে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছিল লাল-সবুজের দল।

আগের ম্যাচের অভিজ্ঞতাকে এবার শেখার জায়গা হিসেবে দেখছেন বাটলার। তিনি জানান, এশিয়ান কাপে উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি। তবে ওই পরাজয় তরুণ খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার সুযোগ তৈরি করেছে।

বাংলাদেশে নারীদের নিয়মিত ঘরোয়া লিগ না থাকায় আন্তর্জাতিক পর্যায়ে বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতার ঘাটতিও রয়েছে। এমন পরিস্থিতিতে ফলের দিকে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দলের মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখাকে গুরুত্বপূর্ণ মনে করছেন কোচ।

বাটলার জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিপক্ষে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। তার মতে, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা অর্জন, ভুল থেকে শেখা এবং নিজেদের খেলায় উন্নতি করাই এই ম্যাচগুলো থেকে সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে। প্রতিপক্ষ কতটা কঠিন, সে বিষয়ে তিনি সচেতন হলেও খেলোয়াড়দের চাপের মধ্যেও ম্যাচ উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

এশিয়ান গেমসের ‘এফ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ফিফা র‍্যাঙ্কিং ও দলগুলোর সামগ্রিক শক্তি বিবেচনায় গ্রুপপর্ব বাংলাদেশের জন্য কঠিন হবে বলে স্বীকার করেছেন বাটলার। তবে শক্তির বিচারে পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিটি ম্যাচে লড়াই করার কথা জানিয়েছেন তিনি।

গ্রুপপর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি তিন গ্রুপের মধ্যে সেরা তৃতীয় হওয়া দুটি দলও শেষ আটে জায়গা পাবে।

এশিয়ান গেমসের নারী ফুটবলে এবার দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের আসরে খেলেছিল বাংলাদেশ নারী দল। সেই আসরে গ্রুপপর্বের প্রতিটি ম্যাচেই পরাজিত হয়েছিল তারা।

এশিয়ান গেমস পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবল

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!