ওয়েলসের বিপক্ষে ম্যাচে বল দখলের লড়াইয়ে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। ছবি: সংগৃহীত
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত গ্রুপ পর্বের লড়াইয়ে গোল হজম না করে এক পয়েন্ট পেয়েছে আকবর হোসেন রিদনের দল।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার উদ্যোগে প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। তবে এখানে প্রচলিত ১১ জনের ফুটবলের পরিবর্তে প্রতি দলে খেলছে আটজন করে। ম্যাচের জন্য নির্ধারিত মাঠের দৈর্ঘ্য ৬৮ মিটার ও প্রস্থ ৪৮ মিটার। খেলা হচ্ছে দুই অর্ধে, প্রতিটি অর্ধের সময় ২০ মিনিট।
বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। গ্রুপের অপর ম্যাচে বুরুন্ডিকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ফলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পর্তুগিজরা। বাংলাদেশ ও ওয়েলসের ঝুলিতে রয়েছে এক পয়েন্ট করে।
ওয়েলসের বিপক্ষে বাংলাদেশের গোলবার অক্ষত রাখতে বড় ভূমিকা পালন করেছেন গোলরক্ষক শ্রীনাথ সরকার। তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ম্যাচ শেষে শ্রীনাথ বলেন, শারীরিক গঠনে ওয়েলসের খেলোয়াড়েরা বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সতীর্থরা ভালো লড়াই করেছেন। নিজের সেরাটা দিয়ে গোলপোস্ট সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন জানিয়ে তিনি পরবর্তী ম্যাচগুলোতেও ক্লিন শিট ধরে রাখার লক্ষ্য প্রকাশ করেন। একই সঙ্গে ম্যাচ ধরে এগিয়ে যাওয়ার কথা বলে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন এই গোলরক্ষক।
আগামীকাল রোববার বাংলাদেশের সামনে রয়েছে দুটি ম্যাচ। প্রথমটিতে পর্তুগালের মুখোমুখি হবে দলটি, পরে খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ২৬ অক্টোবর গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্স ও বাকু ক্রিস্টাল হলে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!