যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ধর্ম-বর্ণের নামে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:২২ PM ১১৮
ধর্ম-বর্ণের নামে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্ম-বর্ণের নামে কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধেও সতর্কবার্তা দেন।

ধর্মীয় বিশ্বাস ও সম্প্রীতিকে ব্যবহার করে কোনো ধরনের বিভাজন বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ধর্মকে পুঁজি করে মানুষকে বিভক্ত করার চেষ্টা করলে সচেতন নাগরিকদেরই তা প্রতিহত করতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক লাল মুখার্জী।

তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চাকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যদি ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করে, তবে ধর্মপ্রাণ মানুষই তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থান স্পষ্ট—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। কোনো মহল ধর্মকে সাম্প্রদায়িক বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইলে জনগণকে তাদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম ফরিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাখাল চন্দ্র দে এবং সমাজসেবক বিজয় কৃষ্ণ দে। এছাড়াও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সম্মেলনে অংশ নেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!