যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ

পুলিশসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ PM ১০২
মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।

দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের নয়জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তও আহত হন। পরে আহত চারজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের চোখের নিচে আঘাত লাগে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় পরিদর্শক তদন্ত আহত হন। ঘটনার বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যেই মুন্সিগঞ্জের শ্রীনগরে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। স্থানীয় পর্যায়ে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এমন বিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!