যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

গাজীপুরে কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ PM | সর্বশেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ PM ৭৯
গাজীপুরে কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৬২৭ শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে ছাঁটাই হওয়া শ্রমিকদের নামের তালিকা টানিয়ে দেওয়া হয়। এতে কারখানার সামনে শ্রমিকদের ভিড় দেখা যায় এবং তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাঁটাইয়ের আওতায় পড়েছে কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড। প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের স্বাক্ষর করা নোটিশ সোমবার সন্ধ্যায় কারখানার প্রধান ফটকে টানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবলের কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী ৮ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের ছাঁটাই কার্যকর হবে। ছাঁটাই হওয়া ব্যক্তিদের আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ করা হবে।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ছাঁটাই হওয়া শ্রমিকদের সব পাওনা ৩০ কর্মদিবসের মধ্যে শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে।

নোটিশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কারখানাগুলোতে নতুন কর্মীর প্রয়োজন হলে শ্রম আইন ২০০৬-এর ২১ ধারা অনুযায়ী ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে চাকরিতে থাকা শ্রমিকেরা লে-অফের আওতায় থাকবেন এবং আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন।

ছাঁটাইকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কারখানার প্রধান ফটকে শিল্প পুলিশের পাশাপাশি মহানগর পুলিশও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!