ছবি: সংগৃহীত
কুমিল্লার বরুড়ায় পুকুরে ডুবে ১৮ মাস বয়সী জমজ দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কাছিয়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুনাইরা আক্তার ও তাসলিমা আক্তার নামে ১৮ মাস বয়সী জমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে বাড়ির আশপাশে খেলছিল জমজ দুই বোন। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ডা. জহিরুল ইসলাম জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার সময় তারা মৃত ছিল। পরিবারের সদস্যরা সকাল ১০টা ৫০ মিনিটের দিকে তাদের হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহত জুনাইরা ও তাসলিমা কাছিয়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের জমজ কন্যা। দুই শিশুর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে বরুড়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন থানার ওসি কাজী নাজমুল হক। তিনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
কুমিল্লা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!