যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ PM | সর্বশেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ PM ৭৭
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

ছবি:সংগৃহীত

চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের প্রায় এক দশক পর মামলার রায় হয়েছে। ঘটনায় অভিযুক্ত মো. মজিবর মৃধা (৬১)কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকায়।

মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল-আলম চৌধুরী জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। এরপর তাঁকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশুটির মা গৃহপরিচারিকার কাজে যাওয়ার সময় মেয়েকে পাশের একটি বাসায় রেখে যান। ওই সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে মজিবর শিশুটিকে প্রলোভন দেখিয়ে পাশের একটি বাসায় নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি অসুস্থ হয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার সময় ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২০১৫ সালের ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন। পরে আদালত একমাত্র আসামি মজিবর মৃধার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে রোববার আদালত মামলাটির রায় ঘোষণা করেন।

শিশু ধর্ষণ মামলার রায় শিশু ধর্ষণ মামলায় আমৃত্যু কারাদণ্ড

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!