যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

রাশিয়ায় যুব উৎসবে বিশ্বের ১০ হাজার প্রতিনিধি, অংশ নিচ্ছেন ৭৪ বাংলাদেশি

রাশিয়ার ইকাতেরিনবার্গে আয়োজিত আন্তর্জাতিক যুব উৎসবে ১৯১ দেশের ১০ হাজার যুব প্রতিনিধি অংশ নিচ্ছেন; বাংলাদেশের ৭০ যুব প্রতিনিধি ও চার গণমাধ্যমকর্মীও রয়েছেন
আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ PM | সর্বশেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ PM ৯
রাশিয়ায় যুব উৎসবে বিশ্বের ১০ হাজার প্রতিনিধি, অংশ নিচ্ছেন ৭৪ বাংলাদেশি

রাশিয়ার ইকাতেরিনবার্গে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’-এ অংশ নেওয়া বিভিন্ন দেশের যুব প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

রাশিয়ার ইকাতেরিনবার্গ শহরে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ-২০২৬’। বিশ্বের ১৯১টি দেশের ১০ হাজার যুব প্রতিনিধি এ আয়োজনে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন দেশের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, পেশাজীবী, শিল্পী, গবেষক ও গণমাধ্যমকর্মীরাও এতে অংশ নিচ্ছেন।

এবারের উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৭০ জন যুব প্রতিনিধি ও চারজন গণমাধ্যমকর্মী। আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে উৎসবের মূল পর্ব শুরু হবে। এর আগে শুক্রবার ও শনিবার অংশগ্রহণকারীদের নিবন্ধন ও অভ্যর্থনা অনুষ্ঠিত হচ্ছে।

উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার যুব বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ‘রজমলোদেজ’-এর প্রধান গ্রিগরি গুরভ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের চিন্তাশীল তরুণদের একত্র করা এবং তাদের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ও নতুন প্রকল্প গড়ে তোলার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, বিভিন্ন দেশের সৃজনশীল মানুষ, বিজ্ঞানী, তরুণ সরকারি কর্মকর্তা, ব্লগার, গণমাধ্যম প্রতিনিধি ও শিল্পীরা উৎসবে অংশ নিচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, উৎসব চলাকালে ইকাতেরিনবার্গ বিশ্বের তরুণদের একটি আন্তর্জাতিক মিলনস্থলে পরিণত হবে।

ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল ডিরেক্টরেটের মহাপরিচালক দিমিত্রি ইভানভ জানান, উৎসবের প্রদর্শনীতে জীবনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে সাতটি বিষয়ভিত্তিক এলাকা রাখা হয়েছে। এসব আয়োজনের সঙ্গে প্রায় ১৪৭টি সংস্থা যুক্ত রয়েছে।

শুক্রবার থেকে বিভিন্ন দেশ থেকে যুব প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা ইকাতেরিনবার্গে পৌঁছাতে শুরু করেন। বিমানবন্দর ও রেলস্টেশনে আয়োজক সংস্থার স্বেচ্ছাসেবকেরা তাদের অভ্যর্থনা জানান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, উজবেকিস্তান, বেলারুশসহ ১৯১টি দেশের প্রতিনিধিরা উৎসবে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া গণমাধ্যমকর্মী ও ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যালের বাংলাদেশ অংশের ন্যাশনাল প্রিপারেটরি কমিটির মিডিয়া সমন্বয়ক হোসাইন মোহাম্মদ সাগর বলেন, বিশ্বের বিভিন্ন দেশের যুব নেতৃত্বের সঙ্গে যোগাযোগ তৈরির মাধ্যমে পারস্পরিক বন্ধুত্ব ও সমন্বয়ের সুযোগ তৈরি হয় এ ধরনের আয়োজনে।

তিনি বলেন, বিভিন্ন দেশে সংশ্লিষ্ট খাতে কী ধরনের উন্নয়ন হচ্ছে এবং সেসব অভিজ্ঞতা নিজেদের কাজে কীভাবে ব্যবহার করা যায়, তা জানার সুযোগও উৎসবে পাওয়া যায়।

ইন্দোনেশিয়ার যুব প্রতিনিধি এঞ্জেলিকা চেরলিন বলেন, ভবিষ্যতের জন্য নিজের অবদান রাখার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে নতুন বন্ধুত্ব ও যোগাযোগ তৈরির প্রত্যাশা নিয়ে তিনি উৎসবে অংশ নিয়েছেন।

ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ রাশিয়া ইকাতেরিনবার্গ যুব উৎসব বাংলাদেশি যুব প্রতিনিধি আন্তর্জাতিক যুব উৎসব World Youth Festival Russia Bangladesh Youth Delegation

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!