যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলা, ঢাকায় গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ PM ৪৯
জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলা, ঢাকায় গ্রেপ্তার ১৩

আদাবরের শ্যামলী হাউজিংয়ে অস্ত্রধারীদের হামলার দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে। সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক দুটি ঘটনায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আটজন এবং আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা সোমবার জানান, রোববার ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যান হাউজিংয়ের রোজ ভিলার কাছে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, চাঁদ উদ্যান হাউজিংয়ের চেয়ারম্যান মো. আলম হোসেনের কাছ থেকে ২০০৪ সালে তাঁর এক স্বজন হুমায়ুন ওই জমি কিনেছিলেন। পরে সেখানে প্লট ও মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্লট আকারে জমিটির অংশ আরও ২৯ জনের কাছে বিক্রি করা হয়েছিল। বর্তমানে সেখানে একটি শপিং মল নির্মাণের কাজ চলছিল। তবে ৫ আগস্টের পর আলম হোসেন আত্মগোপনে রয়েছেন এবং তাঁর অনুসারীরা জায়গাটি দেখভাল করছিলেন বলে স্থানীয়ভাবে জানানো হয়েছে।

পুলিশ বলছে, ৩৫ কাঠা জমিটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, জনি ও রেজাউলের নেতৃত্বে প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল ওই জমিতে প্রবেশ করে। তারা পুরোনো বেড়া ভেঙে নতুন বেড়া দিয়ে জায়গাটি দখলের চেষ্টা করে। উভয় পক্ষই জমিটির মালিকানা নিজেদের বলে দাবি করছে এবং এ বিষয়ে তাদের কাছে কাগজপত্র রয়েছে বলে জানিয়েছে।

এদিকে শনিবার ভোর ৬টার দিকে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা ভবনেও হামলার ঘটনা ঘটে। বাসিন্দাদের অভিযোগ, ১৫ থেকে ২০ জনের একটি দল বাড়িটির প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে এবং সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। একপর্যায়ে হামলাকারীরা টাকা দাবি করে বলেও অভিযোগ করেন তাঁরা।

বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, পরে হামলাকারীরা চাপাতি ও রামদা দিয়ে বাড়ির গেটে আঘাত করে। এ সময় সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করা হয়। ইটের টুকরা ছুড়ে ভবনের দ্বিতীয় তলার আরও দুটি জানালা ক্ষতিগ্রস্ত করার অভিযোগও করেছেন তাঁরা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!